ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু হতে পারে বলে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ও আঞ্চলিক মিত্রদের প্রস্তুত থাকার বার্তা দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য পদক্ষেপের পর ইরানও সংশ্লিষ্ট দেশগুলোর ওপর পাল্টা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুই কূটনীতিকের সূত্রে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।
সংবেদনশীল এই কূটনৈতিক ও প্রতিরক্ষা সতর্কতার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলার এখতিয়ার না থাকায় পরিচয় গোপন রাখার শর্তে ওই দুই কূটনীতিক জানান, মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে বিমান ও সামরিক হামলার বিষয়টি বিবেচনা করে দেখছেন। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে তারা জোর দিয়ে উল্লেখ করেন। কিন্তু নির্বাচনের পর আবার বড় ধরনের সামরিক লড়াই শুরু হওয়ার জোরালো ইঙ্গিতে পুরো অঞ্চলজুড়ে নতুন করে চরম উদ্বেগ ও সতর্কতা তৈরি হয়েছে।
বর্তমানে মার্কিন প্রশাসন ও হোয়াইট হাউসের পক্ষে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, তেহরান এখনও কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিচ্ছে। তিনি জানান, গত মাসে ইরান যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যা পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি প্রত্যাখ্যান করেন। সেই প্রস্তাবের ওপর ভিত্তি করে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন ধারণা পর্যালোচনা করা হচ্ছে, যাতে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়।
সূত্র: এপি