Anwar Hussain(Image: WMP) ছবি: সংগৃহীত
বার্মিংহাম : যুক্তরাজ্যের বার্মিংহামে দুই শিশুকন্যাকে চার বছর ধরে ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের দায়ে আনোয়ার হুসেইন (৪১) নামে এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আজীবনের জন্য যৌন অপরাধীদের নিবন্ধনে অন্তর্ভুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হুসেইনের বাড়ি বার্মিংহামের নিচলস এলাকায়। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, চার বছর ধরে দুই শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনায় তিনটি ধর্ষণসহ মোট ১২টি যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। নির্যাতনের শিকার দুই শিশুর বয়সই ছিল ১৬ বছরের নিচে। তাদের একজনের বয়স যখন মাত্র নয় বছর, তখন থেকেই নির্যাতনের ঘটনা শুরু হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন নির্যাতনের শিকার হওয়ার পর দুই শিশুকন্যা সাহস করে তাদের এক শিক্ষকের কাছে বিষয়টি জানায়। এরপর শিশু সুরক্ষা-সংক্রান্ত প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের পাবলিক প্রোটেকশন ইউনিট তাৎক্ষণিক তদন্ত শুরু করে।
পুলিশ কর্মকর্তাদের সহায়তায় শিশুরা তাদের ওপর চালানো নির্যাতনের বিস্তারিত বিবরণ দেয়। অভিযোগ পাওয়ার দিনই আনোয়ার হুসেইনকে গ্রেপ্তার করা হয়। পরে বিশেষায়িত তদন্তকারীরা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে তার বিরুদ্ধে একাধিক যৌন অপরাধের অভিযোগ গঠন করেন। তবে আদালতে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।
বিচার শুরু হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা হয়। গত আগস্টে তার বিচার শুরু হয়। বিচার শেষে গত ২০ নভেম্বর শুক্রবার বার্মিংহাম ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে ৩০ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে আজীবন যৌন অপরাধীদের নিবন্ধনে থাকার নির্দেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পাবলিক প্রোটেকশন ইউনিটের গোয়েন্দা কনস্টেবল এলোইস কুইনলান বলেন, ‘এই দুই শিশুকন্যার সাহসিকতাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পুরো সময়জুড়ে তারা অসাধারণ সাহসের পরিচয় দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি পদক্ষেপে তাদের পাশে থেকেছি। নির্যাতনের কথা প্রকাশ্যে জানানোর সাহস দেখানোর কারণেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়েছে। একজন বিপজ্জনক অপরাধীকে এখন দীর্ঘ সময় কারাগারে থাকতে হবে।’
যৌন নির্যাতনের অভিযোগ জানাতে সময়ের বাধা নেই
এদিকে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনা কয়েক মাস, কয়েক বছর কিংবা কয়েক দশক আগের হলেও ভুক্তভোগীরা যেকোনো সময় পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন। সময়ের ব্যবধান বিবেচনা না করেই প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, বিভিন্ন কারণে ভুক্তভোগীরা অনেক সময় নির্যাতনের ঘটনা তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে পারেন না। বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযোগ জানানোর পুরো প্রক্রিয়ায় তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। প্রয়োজনে বিশেষায়িত সহায়তা প্রদানকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করিয়ে দেওয়া হয়।
যারা এখনো পুলিশের কাছে যেতে প্রস্তুত নন কিংবা বাড়তি সহায়তা চান, তাদের জন্যও বিভিন্ন সহায়তামূলক সেবা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব সেবার বিস্তারিত তথ্য ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাবে।-তথ্যসূত্র : বার্মিংহাম লাইভ