ছবি: ফাইল ছবি
বৃষ্টির কারণে ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সরবরাহ তুলনামূলক কম হওয়ায় বাজারে সবজির দাম কিছুটা চড়া যাচ্ছে বলে জানিয়েছে বিক্রেতারা। কিছুদিন আগেও সবজির দাম কমতে শুরু করলেও এখন আবার বাড়তির দিকে সবজির দাম। তবে কিছুদিনের মধ্যে সবজির সরবরাহ এবং দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাজারের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, করলা প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, শিম প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১২০ টাকা, শসা (হাইব্রিড) প্রতি কেজি ১০০ টাকা, শসা (দেশি) প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া মুলা প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৯০ টাকা, ফুলকপি (মাঝারি) প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি (মাঝারি) প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, কঁচু প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, শালগম প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাড্ডার একটি বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম। তিনি বলেন, কিছুদিন আগেও সবজির দাম কমে এসেছিল কিন্তু এখন আবার সবজির বাড়তি দাম। আজকের বাজারে বলতে গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই, শুধুমাত্র পেঁপের কেজি ৪০ টাকা, বাকি সব ধরনের সবজি আজকে থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু কিছু সবজি ১০০ টাকারও বেশি। দাম বেশি হওয়ার কারণে এক কেজির সবজি আধা কেজি করে কিনলাম।
রাজধানীর রামপুরা বাজারের আরেক ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, বলতে গেলে শীত মৌসুম শুরু হচ্ছে, এ সময় থাকবে সবজির দাম সবচেয়ে কম। আজকের বাজারে বাড়তি দামে সবজি কিনতে হলো। শীতের সময় সবজির সর্বোচ্চ কম দাম থাকার কথা, অথচ এখনো সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার ঘরে।
সবজির দাম বৃদ্ধির কারণ জানিয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, এই সময়ে আসলেই সবজির দাম কম থাকার কথা, কিছুদিন আগেও সবজির দাম কমই ছিল। কিন্তু কয়েকদিন আগের আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ক্ষেতে সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে, যে কারণে সবজির দাম বাড়তি চাচ্ছে। তবে সব সময় এটা থাকবে না, কয়েক দিনের মধ্যেই বাজারে শীতের নতুন ফসলগুলো , সবজিগুলো উঠতে শুরু করবে। তখন আবার সবজির দাম কমে যাবে।