ছবি: সংগৃহীত
ইন্টারন্যাশনাল সোসাইটি অব বাংলাদেশ-অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলোজিস্টসের (আইএসবিএম) প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কানাডার টরন্টোর মিসিসাগা হলিডে ইন হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হোস্ট কমিটির প্রধান ড. ইশরাত লিসা, কনভেনশন চেয়ার ড. মিজানুর রহমান, আইএসবিএমের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আনোয়ার হক, এবং আইএসবিএমের সভাপতি ড. শেখ এ. সেলিম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহমিনা জাহান সম্মেলন আয়োজনের তাৎপর্য তুলে ধরেন।
উদ্বোধনী পর্বের অন্যতম আকর্ষণ ছিল আইএসবিএমের ওয়েবসাইট উদ্বোধন, যা উপস্থাপন করেন ড. আনোয়ার হক। এই উদ্যোগ সংগঠনটির ডিজিটাল উপস্থিতি জোরদার এবং সদস্যদের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনের মূল বক্তা ছিলেন কানাডার প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান আরপিএস বায়োলোজিকস ইনকের প্রধান ড. সুব্রত চৌধুরী। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং থেকে মলিকিউলার বায়োলজিতে পিএইচডি অর্জনকারী ড. চৌধুরীর গবেষণার অভিজ্ঞতা মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, ইমিউনোলজি ও জেনেটিকস পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞানী ও উদ্যোক্তা হিসেবে তার গবেষণা ও বিভিন্ন সাসটেইনেবল বায়োটেকনোলজির সমাধানের গুরুত্ব উপস্থিত সবাইকে উৎসাহিত করে।
ড. মনোয়ার হোসেনের পরিচালনায় কাটিং এজ মাইক্রোবায়োলোজি প্রেজেন্টেশন পর্বে আলোচনায় অংশ নেন ড. রুবায়েত হাসান তানভী, ম্যাকমাস্টার ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট ও একাডেমিক ড. নুর এ. হাসান, আরিয়াসেরর প্রতিষ্ঠাতা এবং ইজবায়োমের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা. ড. মনোয়ার হোসেন, ড. সেঁজুতি সাহা প্রমূখ।
দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল “Navigating Your Career: Insights from Leaders” শীর্ষক প্যানেল আলোচনা।ফাহমিনা জাহানের সঞ্চালনায় প্যানেলে অংশ নেন ড. আনোয়ার হক (শিক্ষা ও গবেষণা), ড. মিজানুর রহমান (সরকারি কর্মকর্তা, যুক্তরাষ্ট্র), ড. নিয়াজ রহিম (সরকারি কর্মকর্তা, কানাডা), ড. ইকবাল হাসান (ফার্মাসিউটিক্যাল), জুয়েল আহমেদ (ফার্মাসিউটিক্যাল), ড. আবদুল কাইয়ুম খান (ক্লিনিক্যাল প্র্যাকটিসনার্স, যুক্তরাষ্ট্র) এবং মাহবুবা খাতুন (ক্লিনিক্যাল প্র্যাকটিসনার্স, কানাডা)।
আলোচনায় ক্যারিয়ারের পথচলা, নেতৃত্ব, পেশাগত চ্যালেঞ্জ এবং উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাজীবীদের মতামত অংশগ্রহণকারীদের সামনে নতুন সম্ভাবনা ও পেশাগত অগ্রগতির দিকনির্দেশনা তুলে ধরে।
“ISBM: Mission, Vision and Impact” শীর্ষক অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন ড. মনোয়ার হোসেন এবং সংগঠনটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ড. আনোয়ার হক। অংশগ্রহণকারীরাও তাদের মতামত জানান এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন।
অরনি ও পলাশ পরিচালনায় “Connecting with Tomorrow’s Leaders” সেশনে অংশ নেয় পরবর্তী প্রজন্মের সদস্য আলিশবা, নুরিন, স্নেহা ও আদিয়ান। এই আয়োজন তরুণদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রজন্মের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারে আইএসবিএমের অঙ্গীকারকে তুলে ধরে। জিনাত কাজীর পরিচালনায় “Family and Kids Event” এ শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অডিটোরিয়াম মুখরিত হয়ে উঠে।
দিনের শেষ পর্বে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার সঞ্চালনায় ছিলেন ড. ইশরাত মিতা (কর্মকর্তা, এফডিএ, যুক্তরাষ্ট্র )। পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি কমিউনিটির বহুমুখী প্রতিভা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পারস্পরিক বন্ধনকে উদ্যাপন করে।
সম্মেলনের সফল আয়োজনের পেছনে ছিল আয়োজক দলের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টা। দলটিতে ছিলেন ড. ইশরাত লিসা, ড. ইলিয়াস আলী, ড. মনোয়ার হোসেন, ড. মিজানুর রহমান, ড. নিয়াজ রহিম ও ফাহমিনা জাহান। তাদের সম্মিলিত উদ্যোগে বৈজ্ঞানিক উৎকর্ষ, পেশাগত উন্নয়ন ও সাংস্কৃতিক উদ্যাপনের সমন্বয়ে একটি স্মরণীয় আয়োজন বাস্তবায়িত হয়। সূএ : বাংলাদেশ প্রতিদিন