ছবি: প্রতিনিধি
লন্ডন ( যুক্তরাজ্য ) থেকে : যুক্তরাজ্য সরকারের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্য সফররত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী-কে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী মৌলভীবাজারবাসী। এ উপলক্ষে পূর্ব লন্ডনে এক বর্ণাঢ্য শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার পূর্ব লন্ডনের মাইধা ব্যাংকুইটিং হলে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশগ্রহণ করেন। মৌলভীবাজার জেলাবাসীর উদ্যোগে এবং টিম ন্যাশনালিস্ট ইউকে-র সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবক ও অ্যাকাউন্ট্যান্ট মুদ্দাবীর হোসেন মুনিম-এর সভাপতিত্বে এবং আজিম উদ্দিন ও জিয়াউর রহমান জিয়া-র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্যসচিব খসরুজ্জামান খসরু।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমন আন্তরিক আয়োজনের জন্য আয়োজক ও উপস্থিত প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে তিনি তাঁর অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
প্রশ্ন-উত্তর পর্বে সাবেক ছাত্রনেতা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আলিম উদ্দিন বোবারথলের উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার বিষয়ে মাননীয় সংসদ সদস্যের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান। জবাবে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বোবারথলের উন্নয়নে তাঁর বিভিন্ন পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন এবং বলেন, এলাকার মানুষের কল্যাণে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বোবারথলবাসী কাঙ্ক্ষিত সুফল পাবেন। এভাবে তিনি উপস্থিত সবার প্রশ্নের সুন্দর ও সন্তোষজনক উত্তর দেন।
বক্তব্যের একপর্যায়ে যুক্তরাজ্যে বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্রিটেনের আইন উপেক্ষা করে এ হামলা চালিয়েছে, যাতে চারজন গুরুতর আহত হয়েছেন। এ ধরনের সহিংস কর্মকাণ্ড যুক্তরাজ্যে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি নিরীহ অভিবাসীদেরও অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন তিনি।