ঢাকা
২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দিতে চায় সরকার : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী যশোরে কার্যক্রম নিষিদ্ধ দলের ১৫ জন গ্রেফতার কুমিল্লায় ৭২ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪৯৬ ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ১৫ দিনের ১৫ কর্মসূচি মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার সরবরাহ তুলনামূলক কম হওয়ায় বাজারে সবজির দাম কিছুটা চড়া শ্রমিক বাঁচলে শিল্প বাঁচে, মালিকদেরও তা বুঝতে হবে : গোলাম পরওয়ার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী
Advertise with us

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জার্মানি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   ৩৯ বার পঠিত
বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জার্মানি

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধানে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও জার্মানি।

জার্মানির বার্লিনে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে নতুন ক্ষেত্র অনুসন্ধান, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়, ভিসা প্রক্রিয়া সহজ করা, রফতানি পণ্যে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে উভয়পক্ষ।

এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুব বিনিময়ের মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা কামনা করেন শামা ওবায়েদ। এ ছাড়া সংসদীয় কূটনীতি জোরদারে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন দুই দেশের সংসদ সদস্যরা।

প্রতিমন্ত্রী জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন নিকোলাস জিপেলিয়াস।

Advertise with us
Advertise with us
Advertise with us