ছবি: সংগৃহীত
কুমিল্লায় জেলা পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৮ সদস্যসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে অপরাধের সম্পৃক্ততা ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।