ছবি: সংগৃহীত
বাসস :অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে একতরফা জয় তুলে নিয়েছে পাকিস্তান। আল আমেরাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে মাত্র ২১.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে নেয় পাকিস্তান। তাতে ১৬৯ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় আঘাত হানেন পাকিস্তানি পেসার রিজওয়ানউল্লাহ। ৮ ওভার বল করে ৩০ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। মোহাম্মদ সায়্যাম ২৯ রানে ২টি এবং আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসেইন একটি করে উইকেট শিকার করেন।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্কোরবোর্ডে মাত্র ৪ রান থাকতে বিদায় নেন এসকে জারিফ সিয়াম। এরপর কাওসার আহমেদকে নিয়ে আবদুল্লাহ আল মুহি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ২৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ৯ রান করে মোহাম্মদ সায়্যামের বলে বোল্ড হন কাওসার।
তৃতীয় উইকেটে মুহি ও অধিনায়ক ফরিদ হাসান মিলে দলের স্কোর ৬৮ পর্যন্ত নিয়ে যান। ২৬ বলে ১৭ রান করে ফরিদ ফিরে গেলে ভাঙে এই জুটি। এরপর আহসান আল মুমিনও বেশিক্ষণ টিকতে পারেননি। ১ রান করে দার-এর বলে উসমান খানের হাতে ক্যাচ দেন তিনি। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মুহি। অল রাফিকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ২৯ রান যোগ করেন তিনি। ৪৫ বলে ৫০ রান করে ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ গড়েন মুহি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। ১৮.৩ ওভারে রিজওয়ানউল্লাহর বলে উইকেটরক্ষক হামজা জহুরের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এই জুটি। তখন বাংলাদেশের সংগ্রহ ৯৮ রান।
এরপর অল রাফিও ২২ বলে ২০ রান করে বিদায় নেন। পরের বলে রোবিউল হাসান আনিক কোনো রান না করেই ফিরে গেলে ১১১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। একই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশের লেজের ব্যাটসম্যানদের ওপর চাপ আরও বাড়িয়ে দেন রিজওয়ানউল্লাহ।
রাকিবুল হোসেন একপ্রান্তে কিছুটা লড়াই চালিয়ে যান। ৩৯ বলে ২৬ রান করেন তিনি, মেরেছেন চারটি চার। তবে তাকেও ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন রিজওয়ানউল্লাহ। শেষদিকে শেখ আতিউর রহমান ১৬ বল খেলে মাত্র ১ রান করেন। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাফিউল আলম তামিম ২ রানে অপরাজিত থাকেন।
১৩৯ রানের লক্ষ্য পাকিস্তানের জন্য খুব কঠিন ছিল না। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি তাদের দুই ওপেনার হায়াম খান ও উসমান খান। প্রথম উইকেটে ১০২ বলে ১০০ রান যোগ করেন তারা। ১৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১০১ রান। ততক্ষণে দুই ব্যাটসম্যানই ফিফটির দেখা পেয়েছেন।
৪৭ বলে ফিফটি পূর্ণ করেন উসমান। অন্যদিকে হায়ামের অর্ধশতক আসে ৫৩ বলে। প্রথম উইকেটে ১২৩ রানের জুটি গড়ে ম্যাচের ফল কার্যত নির্ধারণ করে দেন তারা। ২০.৪ ওভারে ৭২ বলে ৬৯ রান করে হায়াম বিদায় নেন। তার ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা। রবিউল হাসান অনিকের বলে উইকেটরক্ষক ফরিদ হাসানের হাতে ক্যাচ দেন তিনি।
তবে তাতে পাকিস্তানের জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। উসমান খান ও আবদুল কাদির বাকি কাজটুকু অনায়াসেই শেষ করেন। ৫৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন উসমান। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। অন্যপ্রান্তে মাত্র ৫ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন কাদির। ২১.৫ ওভারে ১৪১ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পান আনিক। বাকি বোলারদের কেউ পাকিস্তানের ব্যাটিং জুটিতে ভাঙন ধরাতে পারেননি। ১৩৮ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে ফেরার সুযোগও তৈরি করতে পারেনি বাংলাদেশ।