ছবি: সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে আজ বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় অথবা ড্র করতে হবে দলকে। ম্যাচের আগে এমন লক্ষ্যই জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। তাঁর মতে, বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি হতে যাচ্ছে সাফের সেরা ম্যাচ।
মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কুয়েতি কোচ বলেন, ‘এটি সাফের সেরা ম্যাচ হবে। টিকে থাকতে আমাদের জিততে বা ড্র করতে হবে।’
ভুটান ম্যাচের অভিজ্ঞতা তুলে ধরে মুতাইরি বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবল দলগুলোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ান ফুটবলে বড় লক্ষ্য নির্ধারণের সময় এসেছে বলেও মনে করেন তিনি।
ম্যাচের গুরুত্ব তুলে ধরে শ্রীলঙ্কার কোচ বলেন, ‘ফুটবলে একটি মাত্র নিয়ম রয়েছে—জেতো অথবা মরো। এই সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে আমাদের জিততে বা ড্র করতে হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব, বিশেষ করে যখন ম্যাচটি রাত ৮টায় অনুষ্ঠিত হচ্ছে।’
এ সময় রসিকতা করে তিনি বলেন, ম্যাচ জিতলে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মতো নাচবেন।
বাংলাদেশের ফুটবল ও কোচ পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন মুতাইরি। এ সময় তিনি বাংলাদেশি গণমাধ্যমের সরব ভূমিকার প্রশংসা করেন।
দলগুলোর স্কোয়াডে থাকা প্রবাসী ও বংশোদ্ভূত খেলোয়াড়দের প্রসঙ্গে শ্রীলঙ্কার কোচ বলেন, তাঁরা কেউ বিদেশি নন; তাঁদের ধমনীতেও একই রক্ত প্রবাহিত হচ্ছে। হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস এবং বিমানবন্দরের পরিবেশ পুরো এশিয়ার জন্য গর্বের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।