ছবি: সংগৃহীত
দেশ পরিচালনায় আওয়ামী লীগ বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এবং দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে দেশের মানুষের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সেই পথে না হেঁটে গণতন্ত্র হত্যা করেছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এমনকি দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকার রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা গেছে, যাদের দাফন করার মতো কেউ ছিল না। সেই সময় অঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ মরদেহ দাফনের মাধ্যমে পরিচিতি লাভ করে।
আব্দুস সালাম বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও দুঃসময়ে বিএনপি মানুষের পাশে ছিল। এ কারণেই দেশের মানুষও বিএনপির পাশে দাঁড়িয়েছে। মানুষ বিশ্বাস করে, একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে পারে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ কোনো আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসের পক্ষে অবস্থান নেয়নি। বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। জনগণের পাশে থেকে আন্দোলন করেছে এবং জনমত গড়ে তুলেছে। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।
বিরোধী দলকেও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলম। এতে বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির।