ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে শ্রদ্ধা ও ভালোবাসার জোয়ার। চিরপ্রতিদ্বন্দ্বীর এমন বিদায়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ান রোনালদো। বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে বিদায়ী ফ্রেন্ডলি ম্যাচের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজোড়া ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট দেন মেসি। আর সেই পোস্টের মন্তব্য ঘরেই মেসিকে উদ্দেশ্য করে শ্রদ্ধা আর ভালোবাসার বার্তা পৌঁছে দেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদো।
সামাজিক মাধ্যমে মেসিকে দেওয়া বার্তায় ৪১ বছর বয়সী রোনালদো লিখেছেন, লিও, দীর্ঘ বছর ধরে নিজের দেশের প্রতিরক্ষা ও প্রতিনিধিত্ব করার পর তুমি এমন এক ইতিহাস রচনা করেছো, যা চিরকালের জন্য অমর হয়ে থাকবে। আলবিসেলেস্তেদের হয়ে মেসির অবদানকে সম্মান জানিয়ে তিনি আরও লেখেন, আর্জেন্টিনার হয়ে তুমি যা কিছু অর্জন করেছো, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। শুভকামনা জানিয়ে বার্তার শেষে রোনালদো যুক্ত করেন, একটি উষ্ণ আলিঙ্গন ”।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছেন এই দুই বিশ্বসেরা তারকা। ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ও উত্তেজনাপূর্ণ এই দ্বৈরথে মাঠের লড়াই যত তীব্রই হোক না কেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ যে কতটা গভীর, রোনালদোর এই মন্তব্য যেন আরও একবার সেটি প্রমাণ করল। প্রায় দেড় দশক ধরে ফুটবলের শীর্ষস্থান এককভাবে দখল করে রাখা এই দুই কিংবদন্তি একসাথে সর্বোচ্চ ফুটবলের সম্মাননা ‘ব্যালন ডি’অর’ জয় করেছেন ১৩ বার। বিশেষ করে ৯ বছর ধরে স্প্যানিশ লিগ লা লিগায় যখন মেসি বার্সেলোনার হয়ে এবং রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতেন, তখন তাদের দ্বৈরথ পৌঁছেছিল অন্য এক উচ্চতায়।
৩৯ বছর বয়সী মহাতারকা মেসি যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল বিশ্বকাপের ফাইনালে পর স্পেনের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হওয়ার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। জাতীয় দলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি গায়ে নিজের শেষ ম্যাচের পরদিন দীর্ঘ এক বার্তায় মেসি লেখেন, গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং আমি এখনই নীল-সাদা জার্সিটি মিস করতে শুরু করেছি। তবে আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অবিশ্বাস্য যাত্রা, যেখানে অনেক আনন্দ ছিল, কিছু কষ্টও ছিল, তবে আমি নিশ্চিতভাবে জানি যে আমার নেওয়া প্রতিটি পদক্ষেপ সার্থক ছিল।
নিজের বিদায়ী বার্তায় আর্জেন্টাইন এই আইকন শ্রদ্ধাভরে স্মরণ করেছেন প্রয়াত ফুটবল ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনাকে। মেসি লিখেছেন, আমি ডিয়াগোকে ভুলতে চাই না, যিনি আমাদের দেশকে সেই মর্যাদার জায়গায় বসিয়েছেন যেখানে আমাদের থাকা উচিত ছিল। আমি সবসময় বলি এবং জানি যে, তিনি আমাদের সাথে থাকেন এবং স্বর্গ থেকেও আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছেন। তিনি যেসব ক্লাবে খেলেছেন সেগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও লেখেন, আমার খেলা ক্লাবগুলোকে ধন্যবাদ, যারা সবসময় আমার অনুভূতিকে সম্মান জানিয়েছে এবং যখনই জাতীয় দলের হয়ে খেলার সময় এসেছে, তখনই আমাকে নিজের দেশের জন্য নিবেদিত হওয়ার সুযোগ দিয়েছে।
বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত ৮৫ হাজার দর্শকের সামনে আলবিসেলেস্তেদের হয়ে নিজের শেষ ম্যাচটিতেও জাদুকরী ভূমিকা রাখেন মেসি। বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে দলের শেষ গোলটি করার পাশাপাশি বাকি দুটি গোলেও করেন সরাসরি সহায়তা। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে ইন্টার মায়ামির এই প্লে-মেকার বলেন, আমি কৃতজ্ঞ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি; আমি তোমাদের মিস করব এবং আমাদের পাশে, আমার পাশে থাকার জন্য আমি সবসময় তোমাদের ধন্যবাদ জানাব। আর্জেন্টিনার হয়ে অধিনায়ক হিসেবে ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পাশাপাশি তিনি দলকে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা ট্রফি উপহার দিয়েছেন।