ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’ সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন
Advertise with us

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ২১ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচটি বিষয়ে গুরুত্ব দেবে এনসিপি।

রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এনসিপির নির্বাহী পর্ষদের বর্ধিত সভায় বৈঠকের প্রস্তুতি ও আলোচ্য বিষয়গুলো নিয়ে এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত দলের এক নেতা নাম-পরিচয় গোপন রাখার শর্তে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাঁচ বিষয় নিয়ে আলোচনা করবে এনসিপি। এগুলো হলো-

১. সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে আলোচনা করবে এনসিপি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানাবে দলটি।

২. গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে এনসিপি।

৩. এনসিপির নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের পেশিশক্তির ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি সংলাপে আলোচনা করা হবে।

৪. জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে দলটি।

৫. গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করার বিষয়টি বৈঠকে উত্থাপন করবে এনসিপি। আহতদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় থাকবে।

এনসিপির ওই নেতা আরও বলেন, পাঁচ সদস্যের প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন থাকবেন। বাকি তিন সদস্যের নাম আজ (রোববার) রাতে চূড়ান্ত করার কথা রয়েছে।

এদিকে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের কথা এনসিপি প্রথম থেকেই বলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছি।

তিনি বলেন, ভারতের সহযোগিতায় পতিত শক্তি বাংলাদেশের জনগণ ও জুলাই বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে। এ কারণে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকা জরুরি উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, অতীতে যেসব অঙ্গীকার বিএনপি ভঙ্গ করেছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এরপরই জাতীয় ঐক্যের প্রস্তাব আসতে পারে।

তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের কথা বলা হবে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে-এমন কোনো ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি এই গোষ্ঠীকে প্রতিহত করারও আহ্বান জানান। এ জন্য তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান।

Advertise with us
Advertise with us
Advertise with us