ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকা আগামী ২৫ জুন প্রকাশ করা হবে।
একই সঙ্গে মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি, কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়ন এবং পেপার কোড এন্ট্রিসহ সংশ্লিষ্ট কার্যক্রমের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিলিজ স্লিপের মেধাতালিকা ২৫ জুন বিকেল ৪টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে NU ATMF Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। এছাড়া একই দিন রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী বর্তমানে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকলে তাকে আগামী ১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রিলিজ স্লিপে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ এবং প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।
এছাড়া ২৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এ ক্ষেত্রে প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬২০ টাকা।
কলেজ কর্তৃপক্ষ ২৭ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত অনলাইনে ভর্তি নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করবে। এরপর ৮ জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি জমা দিতে হবে।
অন্যদিকে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পেপার কোড এন্ট্রি ৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পেপার কোড এন্ট্রি সম্পন্ন না হলে কিংবা ভুল পেপার কোড প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বিভাগে পাওয়া যাবে।