সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (বিএওএ) আয়োজিত ‘BAOA Annual Dinner and Cultural Night 2026’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টায় সিডনির ইনগলবার্নে অবস্থিত দাওয়াত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য, সম্প্রীতি ও বহুসাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, স্পন্সর এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়কারী বেলাল হোসেন ঢালী জানান, অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নৃত্য, স্থানীয় শিল্পীদের একক ও সমবেত নৃত্য পরিবেশনা, আধাঘণ্টাব্যাপী পথনাটক ‘প্রবাসীর পাংখা’, শিল্পী মেহেদী হাসানের একক সংগীত পরিবেশনা, সমবেত সংগীত এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
অপর সমন্বয়কারী মো. মোবারক হোসেন বলেন, অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতির বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি বাংলাদেশের হাইকমিশনার এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের চূড়ান্ত তালিকা পরে প্রকাশ করা হবে।
সংগঠনের সভাপতি মনিরুল হক জর্জ ও সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম জানান, বিএওএর কার্যক্রমকে আরও গতিশীল ও তথ্যসমৃদ্ধ করতে শিগগিরই একটি মিডিয়া সেল গঠন করা হবে। পাশাপাশি সংগঠনের স্মরণিকা হিসেবে একটি ম্যাগাজিন প্রকাশ এবং নিজস্ব ওয়েব পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যার আগেই ওয়েব পোর্টালটি চালু হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নেতৃবৃন্দ জানান, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি নিজস্ব কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের জন্য পেনশন সুবিধা চালুর লক্ষ্যে সংগঠনটি কাজ করছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ সার্বিক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তারা জানান, অনুষ্ঠানের ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ ডলার এবং সাধারণ টিকিট ৩০ ডলার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএওএ সভাপতি মনিরুল হক জর্জ। সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম। এ সময় বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সৌজন্য ভিআইপি টিকিট প্রদান করা হয়। পরে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।