আবারও নতুন তারিখ ঘোষণা, কবে মুক্তি পাচ্ছে ইয়াশের ‘টক্সিক’ ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘কেজিএফ’ খ্যাত তারকা ইয়াশের বহুপ্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা নিজেই মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন।
ইয়াশ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিনেমার একটি নতুন পোস্টার প্রকাশ করে লেখেন, ‘পিতাকে সম্মান করো। টক্সিক আসছে বিশ্বজুড়ে ২৬-০৮-২০২৬ থেকে।’

মুক্তির সপ্তাহজুড়ে ছুটি থাকায় ২৬ আগস্ট তারিখটি বেছে নিয়েছেন নির্মাতারা। অভিনেতার পোস্টে এক অনুরাগী লিখেছেন, ‘২৬ আগস্ট ওনাম ও ঈদ-ই-মিলাদুন্নবী, ২৮ আগস্ট রাখিবন্ধন এবং ৩০ আগস্ট রোববার। ফলে লম্বা ছুটির সুবিধা নিয়ে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে বলেই ধারণা করা হচ্ছে।’
এর আগে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছিল। প্রথমে চলতি বছরের ১৯ মার্চ মুক্তির পরিকল্পনা করা হলেও আন্তর্জাতিক পরিবেশনা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তা পিছিয়ে ৪ জুন করা হয়। তবে চার জুন ছবিটি আলোর মুখ দেখেনি।

‘টক্সিক’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। এই সিনেমায় ইয়াশ ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্তসহ আরও অনেকে।