ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো ঘোষণার পরও অসন্তোষ কাটেনি শিল্পাঞ্চলে। ঘোষিত বেতন কাঠামো প্রত্যাখ্যান করে বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে, ঢাকার সাভার ও আশুলিয়ায়ও শ্রমিকদের বিক্ষোভ এবং কর্মবিরতি অব্যাহত রয়েছে। এসব এলাকায় ২৮টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, জেলার কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষিপ্ত আন্দোলন চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, আবার কোথাও শক্তি প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি বিবেচনায় বুধবার সকাল ১০টা পর্যন্ত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
এদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে। নিম্নতম মজুরি ঘোষণার পরও বুধবার এসব এলাকার ২৮টি কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি মোড়ে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে প্রায় এক মাস ধরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনের কারণে শত শত কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। তবে নতুন মজুরি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে ওঠে। একাংশ নতুন সিদ্ধান্ত মেনে নিলেও আন্দোলনকারীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, দীর্ঘ দরকষাকষি, কয়েক দফা প্রস্তাব সংশোধন এবং শেষ পর্যন্ত ভোটাভুটির মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। বর্তমানের ১২ হাজার ৫০০ টাকার তুলনায় মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। গ্রেডভেদে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে গতকাল রাত সোয়া চারটায় প্রেস ব্রিফিংয়ে আসেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মাত্র তিন সপ্তাহের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে আসতে পেরেছি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেড নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো দ্বিমত ছিল না। দীর্ঘ আলাপের পর চতুর্থ গ্রেড অর্থাৎ ন্যূনতম মজুরির বিষয়ে দুই পক্ষ একমত না হওয়ায় গোপন ভোটের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।
সভায় মালিক ও শ্রমিকপক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারিত হয়।