ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ মার্কিন ভোটার। যুদ্ধ শেষ করতে কম অনুকূল শর্ত মেনে নিতে হলেও তারা সংঘাতের অবসান চান। নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ ভোটার বলেছেন, ‘শর্ত যা-ই হোক, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত।’ দলীয় পরিচয় অনুযায়ী, ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ এই মতের পক্ষে। রিপাবলিকানদের মধ্যে এ হার ২৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোস যৌথভাবে ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’ শীর্ষক এই জরিপ পরিচালনা করে। এতে দেশটির ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। মঙ্গলবার জরিপের ফল প্রকাশ করা হয়।
যুদ্ধ বন্ধে কংগ্রেসের মাধ্যমে চাপ তৈরির পক্ষেও রয়েছেন ডেমোক্র্যাট ভোটারদের বড় অংশ। জরিপে ৫৩ শতাংশ ডেমোক্র্যাট সামরিক অভিযানের জন্য অর্থায়ন বন্ধে কংগ্রেসের উদ্যোগকে সমর্থন করেছেন। আর ৫১ শতাংশ বলেছেন, সরকার অচল হওয়ার ঝুঁকি থাকলেও আসন্ন বাজেট আলোচনায় ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের বিষয়টি সামনে আনা উচিত।
জরিপে অংশগ্রহণকারীদের সামনে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিনটি বিকল্প তুলে ধরা হয় অবিলম্বে যুদ্ধ বন্ধ, সামরিক অভিযান আরও জোরদার করা অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায়ের জন্য বর্তমান কৌশল চালিয়ে যাওয়া। এতে ২১ শতাংশ বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে এবং ১৮ শতাংশ সামরিক অভিযান জোরদারের পক্ষে মত দেন।
জরিপের প্রধান গবেষক শিবলি তেলহামি বলেন, যুদ্ধের বিরুদ্ধে জনমত এবং সংঘাত বন্ধের আকাঙ্ক্ষা আগে থেকেই জানা ছিল। তবে যুদ্ধ শেষ করতে ভোটাররা কতটা ছাড় দিতে রাজি, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, শর্তের বিষয়টি বিবেচনায় না নিয়েই যুদ্ধ বন্ধের পক্ষে জনসমর্থন রয়েছে।
যুদ্ধের যৌক্তিকতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মার্কিন ভোটাররা। জরিপে মাত্র ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিক থেকে ইরান আগের চেয়ে দুর্বল অবস্থানে গেছে।
এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও ভোটারদের মধ্যে ভিন্ন ধারণা রয়েছে। জরিপে ৩৫ শতাংশ মনে করেন, বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ ইরানের হাতে। অন্যদিকে মাত্র ১২ দশমিক ৭ শতাংশের ধারণা, এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায়।
তবে যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই মতবিরোধ রয়েছে। দলের প্রগতিশীল অংশ সামরিক অভিযানের অর্থায়ন বন্ধে আরও কঠোর অবস্থানের দাবি জানালেও নেতৃত্বের মধ্যপন্থী অংশ এখনো তেমন পদক্ষেপে সম্মতি দেয়নি।
জরিপে ডেমোক্র্যাট ভোটারদের কাছে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে চাক শুমারের চেয়ে ক্রিস ভ্যান হলেন প্রায় তিন গুণ বেশি সমর্থন পেয়েছেন। ইরান যুদ্ধের বিষয়ে দলের মধ্যপন্থী নেতৃত্বের অবস্থান ভোটারদের মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন যুক্তি তুলে ধরছেন ভ্যান হলেন।
সূত্র : আল-জাজিরা