ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে বললেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। এর সাক্ষী হতে পেরে আমি গর্বিত। জাতির ইতিহাসে এটিই সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একসঙ্গে অনুশীলন সম্পন্ন করেছে।’
তিনি বলেন, আজকের এই মহড়া বিশ্বের দরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। এই মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা সরকারের সামরিক আধুনিকায়নের অঙ্গীকারের প্রতিফলন।
এসময় সশস্ত্র বাহিনী দেশের জন্য যেমন গর্বের, তেমনি আগামীতে যেকোনো সংকটে দায়িত্ব পালনে তারা অবিচল থাকবেন বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।
এর আগে প্রথমবারের মতো প্রতীকী এই যুদ্ধক্ষেত্র পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। সশরীরে যুদ্ধক্ষেত্রে উপস্থিত সরকারপ্রধানের সামনে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এসময় প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য তার সঙ্গে ছিলেন।