ঢাকা
২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে খলিলুর রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’ আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত
Advertise with us

ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   ২৮ বার পঠিত
ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের

ছবি: ফাইল ছবি

ফ্যাসিবাদ ফেরার আর কোনো সুযোগ নেই মন্তব্য করে রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেন ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মিরপুর-১-এর সনি মোড় থেকে শুরু হওয়া এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীসহ সারাদেশে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম করা হয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছিল আয়নাঘর। ধ্বংস করা হয়েছিল দেশের নির্বাচনব্যবস্থা, রাজনীতি ও সংসদীয় ব্যবস্থা। ক্ষমতায় টিকে থাকতে সংবিধান পরিবর্তনসহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা তারা করেনি।

তিনি বলেন, এর পরিণতিতে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৩৬ জুলাইয়ের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের শাহাদাত এবং হাজার হাজার মানুষের আহত ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন, ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তারা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে একের পর এক উসকানি দিচ্ছে। মেরে ফেলা, কেটে ফেলা, জ্বালিয়ে দেওয়া ও পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে। গত কয়েক দিনে আবারও তাণ্ডব চালানো হয়েছে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটেছে। চলন্ত যানবাহনের যাত্রীদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ, চালক হত্যা ও লুটতরাজের মাধ্যমে মানুষ আবারও ফ্যাসিবাদের সেই দৃশ্য দেখেছে।

তিনি বলেন, যারা বর্তমানে সরকারে আছেন, তারা গণভোট ও সংস্কারের পক্ষে কথা বলেছেন। কিন্তু ক্ষমতায় এসে আবারও ফ্যাসিবাদের নমুনা উপস্থাপন করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বসানো হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল। মুখে শতভাগ সংস্কারের কথা বললেও বাস্তবে তারা উল্টো পথে হাঁটছেন।

জুবায়ের আরও বলেন, এখন জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর সংসদ নেতা জুলাইয়ের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু জুলাইয়ের শক্তির সঙ্গে কখনো ভালো ব্যবহার করা হয়নি। জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো রাস্তায় ঘুরছেন। জুলাইয়ের নামে যে জাদুঘর করা হয়েছে, সেটি দলীয় জাদুঘরে পরিণত হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ এখন ‘সবার আগে বিএনপি’ হয়ে গেছে। সবার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। জুলাই এ কারণে হয়নি।

তিনি বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা সাধুবাদ জানাই। তবে শুধু মুখে ঐক্যের কথা বললে হবে না, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৩৩টি দল আলোচনা করে যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, তা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যের সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন, একেক মন্ত্রী একেক কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই-একটি ককটেল ফুটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না। কতগুলো ককটেল ফুটলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, তা তিনি বলেননি। তাঁর দলের সংসদ সদস্যরা ঘরছাড়া, বাড়িছাড়া। জনগণের ওপর ক্র্যাকডাউন হচ্ছে। তাহলে কখন আপনারা বলবেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে?

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে। সরকারি দল তাদের ছলে-বলে-কৌশলে নিজেদের ছত্রচ্ছায়ায় রেখেছে। যারা মা-বোনদের এতিম করেছে, ভাইদের হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে এবং অর্থনীতি ও ব্যাংকব্যবস্থা ধ্বংস করেছে, তাদের সঙ্গে জাতি আপস করবে না।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

Advertise with us
Advertise with us
Advertise with us