ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের মূল গেটে পেট্টোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়রা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় তার সঙ্গে আরও দুইজন ছিলো, তবে তারা পালিয়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে ঘটনাটি ঘটেছে।
আটক ইমন উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের লুধুয়া গ্রামে মো. খোকার ছেলে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছে। আগুন লাগিয়েই তারা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।