ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপের পর পালানোর সময় শাহিন (৪০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকালে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে ছায়াবীথি আমতলা এলাকায় তাকে গণপিটুনি দেওয়া হয়।
আটক শাহিন হকার্স লীগের কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুটওভার ব্রিজ থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল নিক্ষেপের পর পালানোর চেষ্টা করেন শাহিন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ছায়াবীথি আমতলা এলাকা থেকে আটক করেন। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেল নিক্ষেপ করে পালানোর সময় স্থানীয় লোকজন শাহিনকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।