ছবি: ফাইল ছবি
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলাকালে ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মশাল, কেরোসিন ও মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৩ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, লালবাগ বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, রমনা বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ২৯ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেফতার করেছে।
অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে দুটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১টি ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ। এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মুঠোফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।