ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে চলমান বিনা উসকানির আগ্রাসন বন্ধ হওয়ার দৃঢ় পূর্বশর্ত জুড়ে দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। দেশ তিনটি স্পষ্টভাবে জানিয়েছে, এই আগ্রাসন বন্ধ হলেই কেবল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) যাচাইকরণ কার্যক্রম পুরোদমে পুনরায় শুরু হতে পারে।
গত বুধবার ভিয়েনায় আইএইএ বোর্ড অব গভর্নরসের অধিবেশনে ইরানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সুরক্ষা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত আলোচ্যসূচির অধীনে দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো এই মন্তব্য করে।
যৌথ বিবৃতিতে দেশ তিনটি বলেছে, আইএইএ-র সুরক্ষা ব্যবস্থার আওতাধীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা এবং ভবিষ্যতে আরও আগ্রাসনের অব্যাহত হুমকি স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নকে বস্তুগতভাবে অসম্ভব করে তুলেছে। বর্তমান এই পরিস্থিতিকে ব্যতিক্রমী হিসেবে বর্ণনা করে তারা উল্লেখ করেছে যে, ইরানে যেকোনো ধরনের যাচাইকরণ কার্যক্রম নির্ধারণের ক্ষেত্রে এটিই এখন প্রধান নিয়ামক। বিবৃতিতে বলা হয়, আগ্রাসনের ঘটনা এবং বলপ্রয়োগের অব্যাহত হুমকির ফলে সৃষ্ট বস্তুগত প্রতিবন্ধকতাগুলোর প্রতি যথাযথ সম্মান না দেখিয়ে ওই স্থাপনাগুলোতে (ইরানের পারমাণবিক স্থাপনা) স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য শর্তহীনভাবে জোরাজুরি করা ইরানে সংস্থাটির যাচাইকরণ কার্যক্রম পুরোপুরি পুনরায় শুরু করার জন্য সহায়ক নয়।
তাই যাচাইকরণ কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়টি আগ্রাসন বন্ধের পাশাপাশি নতুন করে আগ্রাসনের সকল হুমকি অপসারণ এবং এই ধরনের হামলা বা হুমকি যে আর পুনরাবৃত্তি ঘটবে না, সে বিষয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তার ওপর নির্ভরশীল বলে দেশগুলো জানিয়েছে।
ইরান, চীন ও রাশিয়া যুক্তি দিয়েছে যে, ইরান এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলা ও হুমকি জাতিসংঘ সনদের বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকির ওপর আরোপিত নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘন। এর ফলে আইএইএ-র যাচাইকরণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পরিবেশ নষ্ট হয়েছে এবং সংস্থাটির সুরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, অখণ্ডতা ও কার্যকারিতা চরম ঝুঁকির মুখে পড়েছে। তবে ২০২৬ সালে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আইএইএ-র নির্ধারিত সকল পরিদর্শনের জন্য ইরানের দেওয়া অনুমোদনের বিষয়টিও যৌথ বিবৃতিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে, যা সংস্থাটির মহাপরিচালকের প্রতিবেদনেও প্রতিফলিত হয়েছে। রাশিয়া, চীন ও ইরান বলেছে, গুরুতর প্রতিবন্ধকতা এবং বলপ্রয়োগের অব্যাহত হুমকি সত্ত্বেও এই পরিদর্শনগুলো প্রমাণ করে যে তেহরান তার সুরক্ষা সংক্রান্ত বাধ্যবাধকতা এবং সংস্থাটির সাথে সদিচ্ছাপূর্ণ সহযোগিতার প্রতি এখনো প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে দেশগুলো বলেছে যে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততাই বর্তমান পরিস্থিতি মোকাবিলার একমাত্র কার্যকর ও বাস্তবসম্মত উপায়। ইরান ও আইএইএ-র মধ্যে সহযোগিতা সহজতর করার লক্ষ্যে দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে দেশ তিনটি। একইসাথে বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে বা সম্পৃক্ততা ও সহযোগিতার জন্য প্রয়োজনীয় পরিবেশকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে; এমন যেকোনো পদক্ষেপ বা অবস্থান এড়িয়ে চলার জন্যও তারা অনুরোধ জানিয়েছে।
সূত্র: তাসনিম নিউজ