ছবি: সংগৃহীত
স্মার্টফোনের দাম বাড়ায় অনেকেই নতুন ফোনের পরিবর্তে ব্যবহৃত বা পুরনো ফোন কেনার দিকে ঝুঁকছেন। তুলনামূলক কম দামে পছন্দের মডেল পাওয়ার সুযোগ থাকলেও সেকেন্ডহ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে প্রতারণার ঝুঁকিও রয়েছে। বিশেষ করে চোরাই ফোন বা নেটওয়ার্কে ব্যবহারের অনুপযোগী ডিভাইস কিনে বিপাকে পড়তে পারেন ক্রেতারা। তাই পুরনো ফোন কেনার আগে এর আইএমইআই নম্বর যাচাই করে নেওয়া জরুরি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএমইআই নম্বরের মাধ্যমে একটি ফোনের পরিচয়, সম্ভাব্য চুরির ইতিহাস এবং কোন কোন মোবাইল নেটওয়ার্কে সেটি ব্যবহার করা যাবে, সে সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব।
আইএমইআই নম্বর কী?
আইএমইআইয়ের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। এটি প্রতিটি মোবাইল ফোনের জন্য নির্ধারিত ১৫ সংখ্যার একটি স্বতন্ত্র পরিচিতি নম্বর। একাধিক সিম ব্যবহারের সুবিধা থাকা ফোনে সাধারণত প্রতিটি সিম স্লটের জন্য আলাদা আইএমইআই নম্বর থাকে।
মোবাইল নেটওয়ার্কে ফোন শনাক্ত করতে এই নম্বর ব্যবহার করা হয়। কোনো ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে আইএমইআই নম্বরের মাধ্যমে সেটি ব্ল্যাকলিস্ট করার অনুরোধ জানানো যায়।
যেভাবে আইএমইআই নম্বর খুঁজে পাবেন
ফোনের আইএমইআই নম্বর জানার সবচেয়ে সহজ উপায় হলো ডায়াল প্যাডে *#06# লিখে কল বাটনে চাপ দেওয়া। সঙ্গে সঙ্গে স্ক্রিনে ফোনটির আইএমইআই নম্বর দেখা যাবে।
এ ছাড়া ফোনের সেটিংস থেকেও নম্বরটি পাওয়া যায়। পাশাপাশি ফোনের বক্স, কেনার রসিদ কিংবা মোবাইল অপারেটরের অ্যাকাউন্টেও নম্বরটি থাকতে পারে।
পুরনো ফোন কেনার আগে কেন নম্বরটি চাইবেন?
ব্যবহৃত ফোন কেনার সময় বিক্রেতার কাছ থেকে আইএমইআই নম্বর চেয়ে নেওয়া উচিত। এই নম্বর দিয়ে ফোনটি চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগে ব্ল্যাকলিস্ট করা হয়েছে কি না, তা যাচাই করা যায়। পাশাপাশি নির্দিষ্ট মোবাইল নেটওয়ার্কে ফোনটি ব্যবহারের উপযোগিতা সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব।
অনলাইনে ফোন কেনার ক্ষেত্রে কোনো বিক্রেতা আইএমইআই নম্বর দিতে অস্বীকৃতি জানালে সতর্ক হওয়া প্রয়োজন। এটি সম্ভাব্য প্রতারণার সংকেত হতে পারে। তবে শুধু আইএমইআই নম্বর দিতে না চাওয়াই ফোনটি চোরাই হওয়ার প্রমাণ নয়।
আইএমইআই নম্বর যাচাই করবেন যেভাবে
ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আইএমইআই নম্বর যাচাই করা যায়। কিছু ওয়েবসাইট বিনামূল্যে এ সেবা দেয়, আবার কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ফি দিতে হয়। তবে অপরিচিত কোনো ওয়েবসাইটে নম্বর দেওয়ার আগে সেটির বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি। ফিশিং বা তথ্য চুরির ঝুঁকি এড়াতে নির্ভরযোগ্য সেবা ব্যবহার করা উচিত।
এ ছাড়া বিক্রেতার সঙ্গে আইএমইআই নম্বর আদান-প্রদানের সময় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। কেবল প্রকৃত ক্রেতার সঙ্গে ব্যক্তিগত বার্তার মাধ্যমে নম্বরটি শেয়ার করা এবং কথোপকথনের প্রমাণ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে পুরনো ফোন কেনার সময় শুধু বাহ্যিক অবস্থা বা কম দাম দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ফোনের আইএমইআই নম্বর যাচাইয়ের পাশাপাশি এর নেটওয়ার্ক সংযোগ, কার্যকারিতা ও কেনার বৈধ কাগজপত্রও পরীক্ষা করে নেওয়া উচিত।