ঢাকা
১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড আওয়ামী লীগ একহাত তুললে যুবদল ১০ হাত তুলবে: যুবদলের সভাপতি মুন্না গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার ‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, দল-মত নির্বিশেষে এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এরা বসন্তের কোকিল ‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’ : বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন : সাদিক কায়েম
Advertise with us

চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগর ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে তৎপরতা বাড়াচ্ছে ‘কৌশলগত ও নিরাপত্তা জোট’ হিসেবে পরিচিত কোয়াড। ২০২৭ সালে যৌথ সামুদ্রিক মহড়া আয়োজনে সম্মত হয়েছে জোটের চার দেশ।

গতকাল মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের নেতারা এই সিদ্ধান্ত নেন। মহড়ায় ডুবোজাহাজ-বিধ্বংসী টহল বিমান ব্যবহার করা হবে।

এই সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নেন।

সম্মেলন শেষে চার দেশের নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। এতে ২০২৭ সালে প্রথমবারের মতো কোয়াডের আওতায় সামুদ্রিক মহড়ার পরিকল্পনার কথা জানানো হয়। পাশাপাশি আঞ্চলিক সাইবার হামলার সংখ্যা ও মাত্রা বেড়ে যাওয়ায় সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

যৌথ বিবৃতি অনুযায়ী, নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ইন্দো-প্যাসিফিক মেরিটাইম সার্ভেইল্যান্স কোলাবোরেশন’। এর আওতায় চার দেশের পি-৮ ও পি-৩সি সামুদ্রিক টহল বিমান যৌথ মহড়ায় অংশ নেবে। এর মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রপথের ওপর নজরদারি ও তথ্য আদান-প্রদান বাড়ানো হবে।

জাপানের সংবাদমাধ্যম জিজি প্রেস জানিয়েছে, ডুবোজাহাজ শনাক্ত ও প্রতিরোধে সক্ষম এসব টহল বিমান ব্যবহার করে মহড়াটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। চীনের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে ট্রাম্পও ডুবোজাহাজবিরোধী যুদ্ধের ক্রমবর্ধমান গুরুত্বের ওপর জোর দেন।

ম্যানিলার এই বৈঠক ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরের পর প্রথম কোয়াড শীর্ষ সম্মেলন। একই সঙ্গে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল চার দেশের নেতাদের প্রথম শীর্ষ বৈঠক।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চীনের শেনজেনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে কোয়াডের চার দেশের মধ্যে ঐক্য প্রদর্শন করতে চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি।

উল্লেখ্য, কোয়াডের অন্যতম লক্ষ্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, সামুদ্রিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতা জোরদার করা।

সূত্র: জিজি প্রেস

Advertise with us
Advertise with us
Advertise with us