ঢাকা
০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
এনসিপি কার্যালয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না: ভারতকে নাসীরুদ্দীন পাটওয়ারী ডেঙ্গুতে হাসপাতালগুলোতে জায়গা নেই, সরকার দায়িত্ব পালন করছে না : গোলাম পরওয়ার মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত : শ্রমমন্ত্রী খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায় : আলী রীয়াজ লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান
Advertise with us

শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   ২৭ বার পঠিত
শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

ছবি: সংগৃহীত

দীর্ঘ অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন তানিয়া বৃষ্টি। এর মধ্যে পেরিয়েছেন জীবনের কঠিন এক অধ্যায়। মস্তিষ্কে অস্ত্রোপচার, এরপর কেমোথেরাপি-সব কিছু মিলিয়ে সময়টা মোটেও সহজ ছিল না অভিনেত্রীর জন্য। তবে কঠিন সময় পেছনে ফেলে এবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। দীর্ঘ নয় মাস পর ফেসবুক লাইভে এসে জানালেন, আবারও শুটিংয়ে ফিরতে চান।

এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে সেটি অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাকে। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় ঠিকমতো কথা বলতেও পারেননি এই অভিনেত্রী। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

দীর্ঘ বিরতির পর শনিবার ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তানিয়া। শুরুতেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, তিনি এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। অস্ত্রোপচারের কারণে তার ওজন বেড়েছে বলেও জানান তিনি।

লাইভে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তানিয়া জানান, এখনও তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে। তবে চিকিৎসার পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

অভিনয়ে ফেরার প্রসঙ্গে তানিয়া বলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’

তানিয়ার এই কথায় যেন দীর্ঘ অপেক্ষার অবসানের ইঙ্গিত পেলেন তার ভক্তরা। অসুস্থতার পুরো সময়জুড়েই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তিনি জানান, দর্শকের ভালোবাসাই তাকে আবার কাজে ফেরার সাহস দিচ্ছে।

তানিয়া বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অভিনয় করব, কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’

চিকিৎসকের পরামর্শ মেনেই বর্তমানে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। বেশির ভাগ সময় কাটে তার পোষা বিড়ালগুলোর সঙ্গে। বাইরে কোথাও গেলেও সঙ্গী হয় তারা। দীর্ঘ চিকিৎসার সময় এই পোষা প্রাণিগুলোও তাকে মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করেছে বলে জানান তিনি।

দীর্ঘ নয় মাসের কঠিন সময়ে পাশে থাকা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া। তার জন্য নিয়মিত দোয়া করা এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা দর্শকদের ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে।

সবশেষে ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’

Advertise with us
Advertise with us
Advertise with us