ছবি: ফাইল ছবি
চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির ‘দোসরদের’ তালিকা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পাঁচজনের নাম উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
পরে ওই পোস্টের মন্তব্যের (কমেন্টে) ঘরে আরও চারজনের নাম উল্লেখ করে তাদের ‘আরও এক ধাপ নিচের সারির লোক’ বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি লেখেন, ‘সময় এসেছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা করার।’
এরপর পোস্টে তিনি পাঁচজনের নাম উল্লেখ করেন। তারা হলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শেষে পাটওয়ারী আরও যাদের নাম তালিকায় থাকা উচিত বলে মনে করেন, তাদের নাম পোস্টের কমেন্টে নেটিজেনদের জানানোর আহ্বান জানান।
অন্যদিকে পোস্টের কমেন্টে পাটওয়ারী আরও লেখেন, ‘রাশেদ, রেজাউল, রনি, শাহেদ আলম, এরা আরও এক ধাপ নিচের সারির লোক। চামচাদের নাম আলাদা করে তালিকাভুক্ত করার প্রয়োজন নেই।’