ছবি: ফাইল ছবি
সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোকে কেন্দ্রীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে যুবদল।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও এমপি সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এক জরুরি নির্দেশনায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) এ কথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির। জেলা ও মহানগর যুবদলের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত দেবে।
নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি কিংবা কোনো ব্যক্তিকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর বিষয়ে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের কথা বলা হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করার পর জেলা ও মহানগর যুবদল সিদ্ধান্ত নিতে পারবে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করা বা কেন্দ্রীয় কমিটির পরামর্শ নেওয়া ছাড়া সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি, বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর মতো সিদ্ধান্তের ক্ষেত্রে উপজেলা, পৌর বা থানা পর্যায়কে জেলা অথবা মহানগর যুবদলকে অবহিত করতে হবে। এরপর সংশ্লিষ্ট উপজেলা, পৌর বা থানা এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
তবে কোনো উপজেলা, পৌর বা থানা কমিটিহীন হলে ওই ইউনিটের অধীন বা আওতাভুক্ত ওয়ার্ডের বিষয়ে জেলা বা মহানগর যুবদল সরাসরি সিদ্ধান্ত দিতে পারবে।
সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থে জারি করা এসব কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।