ছবি: সংগৃহীত
কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল লিংক রোডের একটি পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাছনকে গ্রেফতার করে। গ্রেফতার হাছন (৩২) মুহুরীপাড়া বিসিক এলাকার শহীদুল্লাহ কালুর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, লিংক রোড এলাকায় সোলাইমান ধলুকে (৪৫) প্রতিপক্ষের লোকজন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয়রা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় হত্যা মামলা হয়। মামলার বিচারিক কার্যক্রমের একপর্যায়ে আদালত হাছনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতার হাছনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।