ঢাকা
২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার শ্রীলঙ্কায় গণকবর: ৩৬ বছর পর বিস্মৃত মুসলিম গণহত্যার স্মৃতি ফিরল আবারও পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৬১৭, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু
Advertise with us

শ্রীলঙ্কায় গণকবর: ৩৬ বছর পর বিস্মৃত মুসলিম গণহত্যার স্মৃতি ফিরল আবারও

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   ২৯ বার পঠিত
শ্রীলঙ্কায় গণকবর: ৩৬ বছর পর বিস্মৃত মুসলিম গণহত্যার স্মৃতি ফিরল আবারও

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নৃশংস গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ে নিহত দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬টি বছর পার করেছেন ফৌজুল হিনায়া। ৬০ বছর বয়সী এই নারীর চোখে এখন নতুন করে আশার আলো জেগেছে। তিনি আর বিচারের আশা করেন না, তবে অন্তত ইসলামিক রীতি অনুযায়ী দুই ভাইয়ের মরদেহ দাফন করতে পারবেন বলে প্রার্থনা করছেন। দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর কাট্টানকুডিতে নিজ বাড়িতে বসে হিনায়া বলেন, আমি তাদের মর্যাদাপূর্ণ দাফন দিতে চাই।

১৯৮৩ সালে শুরু হওয়া এবং ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া শ্রীলঙ্কার গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। স্বাধীন মাতৃভূমির দাবিতে লড়াই করা তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের সময় দেশটির তামিল জনগোষ্ঠীর ওপর যুদ্ধাপরাধ চালানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার সামরিক বাহিনীর বিরুদ্ধে রয়েছে। অন্যদিকে, সরকার এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর অনেকেই শ্রীলঙ্কার বিভিন্ন শহর ও গ্রামে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম (এলটিটিই)-এর চালানো বোমা হামলা ও হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন। এলটিটিই ১৯৯৩ সালে তৎকালীন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসাকে হত্যা করে এবং এর আগে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করে, যিনি তামিল বিদ্রোহীদের দমনে ভারতীয় সেনা পাঠিয়েছিলেন।

তবে ১৯৯০-এর দশকের শুরুতে এলটিটিই শ্রীলঙ্কার মুসলিমদের ওপরও ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। পূর্বাঞ্চলীয় শহর কুরুক্কালমাদাম, কাট্টানকুডি এবং ইরাভুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এর শুরু হয়। অনেক ক্ষেত্রেই অপহৃত মুসলিমরা আর কখনো ফিরে আসেননি এবং শত শত মরদেহের কোনো হদিস মেলেনি। এমতাবস্থায়, গত মাসে আদালত নিযুক্ত একটি প্রত্নতাত্ত্বিক দল কুরুক্কালমাদামের একটি গণকবরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নযুক্ত মানব কঙ্কাল খুঁজে পেয়েছে বলে আদালতে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী আইনজীবী মুয়াজ্জাম মোবারক জানিয়েছেন।

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাকি ফৌজ এ প্রসঙ্গে বলেন, এখন অগ্রাধিকার হলো কঙ্কালগুলো কাদের তা শনাক্ত করা, কী ঘটেছিল তা নির্ধারণ করা এবং পরিবারগুলোকে বিষয়টি জানানো। সেই ফোনের অপেক্ষায় থাকা মানুষদের একজন হলেন হিনায়া।

হিনায়ারা ছিলেন ছয় ভাইবোন। হায়াত মোহামেদ নামের কাঠুরে বাবার অনিয়মিত আয়ের সংসারে হাল ধরতে ছোট দুই ভাই ফৌজুল আমির এবং আব্দুর রউফ কাজ করতেন। আমির তার নিজ শহর থেকে ৫৮ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আক্কারাইপাত্তুতে গিয়ে তৈরি পোশাক বিক্রি করতেন। ১৯৯০ সালের জুলাইয়ের এক সকালে সেই উদ্দেশ্যেই ব্যাগ গুছিয়ে বের হন আমির। আল জাজিরাকে হিনায়া বলেন, আমি কখনো ভাবিনি এটাই হবে তার শেষ যাত্রা।

কাট্টানকুডিতে ফেরার পথে কুরুক্কালমাদামের কাছে এলটিটিই আমিরকে আটক করে। আমিরসহ বেশ কয়েক জনকে সেখানে গুলি করে হত্যা করা হয়। এতে নিহতের সংখ্যা ৬০ থেকে প্রায় ১৫০ জন বলে ধারণা করা হয়।

শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য এই গণহত্যা ছিল এক ভয়াবহ বাঁকবদল। দেশটির মোট জনসংখ্যার ৭৫ শতাংশ সিংহলি, ১৫ শতাংশ তামিল এবং ১০ শতাংশ মুসলিম। কুরুক্কালমাদাম গণহত্যার আগ পর্যন্ত এলটিটিই প্রায়ই মুক্তিপণের জন্য মুসলিমদের অপহরণ করত এবং সেই অর্থ দিয়ে তাদের যুদ্ধের খরচ চালাত। চরম শিখরে থাকাকালে এলটিটিই শ্রীলঙ্কার প্রায় এক-চতুর্থাংশ এলাকা নিয়ন্ত্রণ করত। কিন্তু এই ঘটনার পর তামিল বিদ্রোহীরা আর মুসলিমদের অর্থের পেছনে ছোটেনি; তারা চেয়েছিল রক্ত।

এর এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাট্টানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে এলটিটিই অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে। আমির যখন নিহত হন, হিনায়ার আরেক ভাই আব্দুর রউফ তখন দেশের উত্তরাঞ্চলের একটি দোকানে কাজ করতেন। শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তিনি বাড়ি ফিরে আসেন। এর কয়েক দিন পর, পাশের শহর বাট্টিকালোয়া থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য একটি ঠেলাগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন রউফ। কিন্তু এলটিটিই তাকে অপহরণ করে এবং এরপর তার আর কোনো খোঁজ মেলেনি। ধারণা করা হয়, তাকেও হত্যা করা হয়েছে।

২০১৬ সালে গৃহযুদ্ধের শুরু থেকে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য অনুসন্ধানে শ্রীলঙ্কা সরকার ‘অফিস অন মিসিং পারসনস’ নামে একটি স্বাধীন বিভাগ গঠন করে। অন্যান্য জাতিগোষ্ঠীর শত শত মানুষের মতো হিনায়াও সেখানে অভিযোগ দায়ের করেন। তার মনে প্রশ্ন জাগত, যে গণকবরগুলোতে তল্লাশি চালানো হচ্ছে, সেখান থেকে কি কোনো সূত্র পাওয়া যাবে? আর এরপর কী হবে? ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির জাকি ফৌজ আল জাজিরাকে বলেন, যেখানে প্রমাণ ফৌজদারি অভিযোগ সমর্থন করে, কর্তৃপক্ষের উচিত সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তবে এই গণহত্যার মাধ্যমে এলটিটিই কেবল প্রাণই কেড়ে নেয়নি বরং শ্রীলঙ্কার তামিল ও মুসলিমদের মধ্যে দীর্ঘদিনের সযত্নে লালিত সৌহার্দ্যের বন্ধনও ভেঙে দিয়েছিল।

১৯৮৭ সালে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার এক চুক্তির পর দেশটিতে ভারতীয় সামরিক বাহিনীর একটি দল মোতায়েন করা হয়। কলম্বো এবং এলটিটিইর মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়নে শান্তিরক্ষী হিসেবে তারা সেখানে গেলেও অচিরেই উভয় পক্ষের অবিশ্বাসের পাত্রে পরিণত হয়। শ্রীলঙ্কায় অবস্থানকালে ভারতীয় সেনাদের ক্যাম্প স্থাপনের জন্য উত্তরাঞ্চলীয় প্রদেশের মুল্লাইতিভুর বেশ কয়েকটি তামিল ও মুসলিম গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়।

বর্তমানে ৫৯ বছর বয়সী মোহামেদ রিজনি তার পরিবারের সঙ্গে উচ্ছেদ হওয়ার সেই স্মৃতিচারণ করে বলেন, এটি ছিল আমাদের প্রথম বাস্তুচ্যুতি। তবে ১৯৯০ সালের শুরুর দিকে ভারতীয় সেনাবাহিনী শ্রীলঙ্কা ছেড়ে চলে গেলে রিজনি ও অন্যরা নিজ গ্রামে ফিরে আসেন। আল জাজিরাকে তিনি বলেন, তামিল এবং মুসলিমরা মিলেমিশে ছিল। আমরা এক পরিবারের মতো ছিলাম এবং নিজেদের গ্রামে ফিরে এসেছিলাম।

কিন্তু ১৯৯০ সালের অক্টোবরে সবকিছু বদলে যায়। রিজনি বলেন, এলটিটিই উত্তরাঞ্চলীয় প্রদেশের গ্রামগুলোর সব মুসলিমকে একত্রিত করে দুই দিনের মধ্যে প্রদেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। রিজনি এতে স্তম্ভিত হয়ে যান। তিনি বলেন, আমরা কখনোই তামিলদের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করিনি। উত্তরাঞ্চলীয় প্রদেশে আমরা ছিলাম মাত্র ৫ শতাংশ, যেখানে তামিলরা ছিল ৯০ শতাংশেরও বেশি।

১৯৯০ সালের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলীয় প্রদেশের সম্পূর্ণ মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বিতাড়িত করে, যাদের সংখ্যা আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখের মধ্যে ছিল। গায়ের কাপড় ছাড়া আর কিছুই সঙ্গে নেওয়ার অনুমতি তাদের দেওয়া হয়নি। শরণার্থী হিসেবে তারা দেশের অন্যান্য প্রান্তে আশ্রয় নেন। কয়েক দশক পরও রিজনি মনে করতে পারেন এলটিটিইর হাতে তার পরিবার কী হারিয়েছিল; বিদ্রোহীরা তাদের ৯৯টি মহিষ, ৪২টি গরু, চার একরের একটি নারকেল বাগান, আট একরের ধানক্ষেত, একটি বাড়ি এবং একটি মুদি দোকান দখল করে নেয়।

জাকি ফৌজ বলেন, মুসলিমদের ওপর এলটিটিইর এই হামলা তাদের তামিল মাতৃভূমির ধারণার সংকীর্ণ ও বর্জনমূলক চরিত্রকে স্পষ্ট করে তুলেছিল। আল জাজিরাকে ফৌজ বলেন, আন্দোলনটি উত্তর ও পূর্বাঞ্চলকে তামিল মাতৃভূমি হিসেবে দাবি করেছিল, অথচ এই প্রদেশগুলোতে দীর্ঘকাল ধরে বসবাসরত মুসলিম সম্প্রদায়েরও নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং ভূমি ও অধিকারের দাবি ছিল। তিনি এলটিটিইর অবস্থানের স্ববিরোধিতা তুলে ধরে বলেন, তারা সিংহলি সংখ্যাগরিষ্ঠতাবাদের বিরুদ্ধে লড়াই করার দাবি করলেও মুসলিমদের প্রতি আচরণের ক্ষেত্রে সেই একই বর্জনের যুক্তি প্রয়োগ করেছিল।

২০০৯ সালে শ্রীলঙ্কা সরকার এলটিটিইকে পরাজিত করলে তিন দশকব্যাপী গৃহযুদ্ধের অবসান ঘটে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধের শেষ পর্যায়ে উত্তরাঞ্চলীয় প্রদেশে প্রায় ৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত হন। যুদ্ধের পর অনেক মুসলিম শরণার্থী উত্তরের গ্রামগুলোতে ফিরে আসেন। তবে শিক্ষাবিদ ফৌজ এবং দুই দফায় বাস্তুচ্যুত হওয়া রিজনি জানান, শ্রীলঙ্কা সরকার এখন পর্যন্ত কোনো সমন্বিত পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেনি।

ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের সংসদ সদস্য রিয়াস ফারুক ১৯৯০ সালে মুসলিমদের হত্যা ও জোরপূর্বক বিতাড়নের ঘটনাকে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। আল জাজিরাকে ফারুক বলেন, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবিই নিরীহ মানুষ হত্যা বা পরিবারগুলোকে বাড়িঘর ছাড়তে বাধ্য করার ন্যায্যতা দিতে পারে না। ফারুক আশা প্রকাশ করেন যে, কর্তৃপক্ষ একটি সুষ্ঠু ও স্বাধীন তদন্ত পরিচালনা করবে, ভুক্তভোগীদের শনাক্ত করবে এবং কুরুক্কালমাদাম গণকবর থেকে উদ্ধার হওয়া তথ্যের সত্যতা উদঘাটন করবে। তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের যেসব মুসলিম পরিবার বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিল, তাদের দুর্দশা আমরা পুরোপুরি বুঝি। আমাদের দায়িত্ব কেবল তাদের ফিরে আসতে সাহায্য করা নয়, বরং তারা যাতে মর্যাদার সঙ্গে জীবন পুনর্গঠন করতে পারে তা নিশ্চিত করা।

পরিশেষে রিজনি আশা প্রকাশ করেন যে, মুসলিম ও তামিলদের মধ্যে একসময় যে ঐতিহ্যবাহী সম্প্রীতি ছিল, তা আবার ফিরে আসবে। আল জাজিরাকে তিনি বলেন, তামিল এবং মুসলিমদের মধ্যে সবসময়ই সুসম্পর্ক থাকবে। মুসলিমরা এই বিতাড়নের কথা ভুলবে না। তবে এলটিটিই মুসলিমদের সঙ্গে যা করেছে, তার জন্য আমরা তামিলদের দোষারোপ করব না। জাকি ফৌজ মনে করেন, কুরুক্কালমাদাম গণকবর খনন এই ক্ষত নিরাময়ের একটি পথ খুলে দিয়েছে। তার ভাষায়, কর্তৃপক্ষ কুরুক্কালমাদামের বিষয়টি কীভাবে এগিয়ে নিয়ে যায়, সেটিই নির্ধারণ করবে শ্রীলঙ্কার মুসলিমরা দীর্ঘ প্রতীক্ষিত উত্তরগুলো অবশেষে পাবে কি না।

সূত্র: আল জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us