ঢাকা
২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষ ঐক্যবদ্ধ, বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার শ্রীলঙ্কায় গণকবর: ৩৬ বছর পর বিস্মৃত মুসলিম গণহত্যার স্মৃতি ফিরল আবারও পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৬১৭, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু
Advertise with us

ফের ইরানের শীর্ষ নেতাদের হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র?

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
ফের ইরানের শীর্ষ নেতাদের হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র?

ছবি: সংগৃহীত

তেহরানের সাথে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের শীর্ষ নেতৃত্বকে পুনরায় লক্ষ্যবস্তু করা হবে কি না, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভ্যন্তরে জোর বিতর্ক চলছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে এই পদক্ষেপের ফলাফল নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে; একাংশের ধারণা এতে যুদ্ধ শেষ হবে, আবার অন্য অংশ মনে করছে এটি সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই এক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী নিহত হন। সংঘাতের প্রথম কয়েক সপ্তাহে ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করার আরও বেশ কিছু হামলা চালানো হয়। সেসব হামলায় খামেনির ঘনিষ্ঠ সহকারী আলী লারিজানিসহ কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞানী প্রাণ হারান। তবে এত বড় আঘাতের পরও ইরানের ক্ষমতার কাঠামোকে অস্থিতিশীল করা সম্ভব হয়নি। বরং আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে তাঁর ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সরকার সাধারণ জনগণের ব্যাপক সমর্থন লাভ করে।

মঙ্গলবার প্রকাশিত এনবিসি নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দলের যেসব সদস্য নতুন করে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার পক্ষে মত দিচ্ছেন, তাদের যুক্তি হলো; এতে ইরানের নেতৃত্ব থেকে কট্টরপন্থীরা নির্মূল হবে। পাশাপাশি তাঁদের উত্তরসূরিদের কাছে এই কঠোর বার্তাও পৌঁছাবে যে ওয়াশিংটন যেকোনো সময় তাদের খুঁজে বের করতে এবং হত্যা করতে সক্ষম।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত অপর একটি সূত্র জানিয়েছে, এই অভিযানের বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এমন উত্তেজনা বৃদ্ধি কেবল যুদ্ধকেই দীর্ঘায়িত করবে। এর ফলে তেহরানে যাঁরা ক্ষমতায় থাকবেন, তাঁরা আরও কঠোর অবস্থানে চলে যাবেন এবং যেকোনো শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। সূত্রগুলোর মতে, বিরোধীরা মার্কিন সামরিক বাহিনীর সেই সতর্কবার্তার কথাও উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে ইরানের নেতৃত্বের ওপর হামলা চালানো হলে তেহরানের পাল্টা প্রতিশোধের মুখে শীর্ষ মার্কিন কর্মকর্তারাও চরম ঝুঁকির মধ্যে পড়বেন।

চলতি নভেম্বরের শুরুতে মার্কিন গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছিল যে, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে নেতৃত্ব দেওয়া মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের পক্ষ থেকে কথিত হত্যার হুমকি পাওয়ার পর একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও নিরাপত্তার স্বার্থে সামরিক আবাসনে উঠেছেন বলে জানা গেছে।

ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এনবিসি নিউজকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অনেক বিকল্প রয়েছে এবং ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে তিনি সর্বোত্তম সিদ্ধান্তই নেবেন। ওই কর্মকর্তা আরও বলেন, ওয়াশিংটন বর্তমানে ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ বজায় রাখা এবং দেশটিতে স্থলভিত্তিক সরবরাহ পথগুলো সংকুচিত করার প্রচেষ্টার ওপরই মূলত মনোযোগ দিচ্ছে।

এদিকে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার ‘কান’ গত রবিবার এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যত দ্রুত সম্ভব ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করার জন্য ট্রাম্পকে চাপ দিয়ে আসছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট নতুন করে আরেকটি সামরিক অভিযান শুরু করতে অনিচ্ছুক বলে জানা গেছে এবং তিনি এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের কোনো সম্মুখযুদ্ধ না চললেও সংঘাত নিরসনের কূটনৈতিক প্রক্রিয়াও পুরোপুরি থমকে আছে। উভয় পক্ষই একে অপরের শর্তগুলো প্রত্যাখ্যান করে চলেছে।

মঙ্গলবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ট্রাম্প আলোচনার মাধ্যমেই একটি সমঝোতায় পৌঁছাতে পছন্দ করেন, তবে আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলা চালাতে তিনি দ্বিধা করবেন না। হাকাবি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট গত দেড় বছরে ইতিমধ্যে দুবার প্রমাণ করেছেন যে তিনি সামরিক পদক্ষেপ নিতে ইচ্ছুক এবং তিনি এটি অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন যে প্রয়োজনে তিনি আবারও তা করতে প্রস্তুত।

একই দিনে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পুনরায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সাথে শান্তি আলোচনা বা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কোনো কথা বলবে না। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই শর্তগুলোর মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া এবং তেহরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। গালিবাফ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুরা যদি কোনো ভুল করে, তবে তেহরান এই সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দেবে।

এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজাইও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো নতুন আগ্রাসনের জবাব পূর্ণ শক্তি দিয়ে দেবে।

সূত্র: আরটি

Advertise with us
Advertise with us
Advertise with us