ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। বড় ধরনের সামরিক অভিযান কমে এলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা, অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সমঝোতারও কোনও লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে সংঘাতটি দীর্ঘস্থায়ী ‘হিমায়িত যুদ্ধে’ (ফ্রোজেন কনফ্লিক্ট) রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির আর প্রয়োজন নেই। তবে এর আগে তিনি যুদ্ধকে সামরিকভাবে কার্যত শেষ বলে মন্তব্য করেছিলেন। আবার কূটনীতি ব্যর্থ হলে হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন। তার এমন পরস্পরবিরোধী বক্তব্যে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে দায়ী করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
‘হিমায়িত সংঘাত’ বলতে এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে বড় ধরনের লড়াই থেমে যায় বা কমে আসে, কিন্তু কোনও স্থায়ী শান্তিচুক্তি হয় না। ফলে মূল বিরোধ অমীমাংসিত থেকে যায় এবং অবরোধ, বিচ্ছিন্ন হামলা কিংবা পাল্টা পদক্ষেপ চলতে থাকে।
দোহা ইনস্টিটিউটের গবেষক মুহানাদ সেলুমের মতে, গত জুলাইয়ে আগের সমঝোতা ভেঙে যাওয়ার পর থেকেই কূটনৈতিকভাবে সংঘাতটি এমন পর্যায়ে রয়েছে। তার ভাষায়, যুদ্ধের ধরন বদলে এখন তা আকাশ অভিযান থেকে অবরোধে রূপ নিয়েছে।
ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ এবং নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তেহরান বলছে, অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা শিথিল না হলে প্রণালি পুরোপুরি খুলবে না এবং শান্তি আলোচনা পুনরায় শুরু হবে না।
বিশ্লেষকদের আশঙ্কা, কোনও পক্ষই ছাড় দিতে রাজি না হলে সংঘাত দীর্ঘদিন চলতে পারে। তবে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হওয়ায় এই অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় চাপ তৈরি করতে পারে। কোরীয় উপদ্বীপের মতো দীর্ঘস্থায়ী অচলাবস্থার উদাহরণ থাকলেও হরমুজকে ঘিরে সংঘাতের অর্থনৈতিক প্রভাব অনেক বেশি বিস্তৃত হতে পারে। সূত্র: আল-জাজিরা