ছবি: সংগৃহীত
রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় শহরের কয়েকটি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন তারা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় তাদের। তবে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শহরের বিভিন্ন দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা ব্যক্তিরা সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় একত্র হন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে স্লোগান দেওয়া হয়। এ সময় ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সে আগুন নেভানো হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাতটার পর গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
থানাপাড়া এলাকার পাঁচতলা হাসপাতাল ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। নিচতলার একটি কক্ষ সংসদ সদস্য কে এম বাবর তার কার্যালয় হিসেবে ব্যবহার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় হাসপাতালে থাকা রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনেরা ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান। এ সময় হাসপাতালের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আগুন নেভানো হয়। আগুনের ধোঁয়ায় হাসপাতালের পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে।
এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হন। পরে এক স্বজনের সহায়তায় রিকশায় ওঠেন তিনি। ওই নারী জানান, তার মেয়ের সন্তান হয়েছে গত রোববার। এমন পরিস্থিতিতে হাসপাতালের এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।
হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন সংসদ সদস্য কে এম বাবর। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।
রাত ৮টা ২৩ মিনিটে মুঠোফোনে কে এম বাবর বলেন, হাসপাতালে অনেক রোগী ছিলেন। সেখানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘যুদ্ধের সময়ও তো কেউ হাসপাতালে আক্রমণ করে না। এ কী শুরু হয়েছে! হাসপাতালে রোগী ছিল। আজকেও সিজার হয়েছে। সেই অবস্থায় এই হাসপাতালে আক্রমণ করেছে। ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে দিয়েছে।’
বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।
এর আগে বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
সড়ক অবরোধের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেওয়া না হলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি ধারণ করতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়।