ছবি: সংগৃহীত
দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু।
আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া এক নোটিশে তিনি এ দাবি উত্থাপন করেন।
সংসদে বক্তব্য রাখার সময় ইকরামুল বারী টিপু বলেন, ১৯৮২ সালে স্বৈরাচারী এরশাদ যখন এ দেশের গণতন্ত্র হরণ করেছিলেন, তখন দীর্ঘ ৯ বছরের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতেও যখনই দেশের গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে তিনি নেতৃত্ব দিয়েছেন।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেগম খালেদা জিয়াই দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
বিগত সরকারের সময়ের প্রসঙ্গ উল্লেখ করে নওগাঁ-৪ আসনের এই সংসদ সদস্য আরো বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রায় ছয় বছর জেল-জুলুম, নির্যাতন ও বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও তিনি গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম চালিয়ে গেছেন।
বক্তব্যের শেষে ইকরামুল বারী টিপু বলেন, বিগত সময়ে ইতিহাস বিকৃত করা হয়েছিল। তাই নতুন প্রজন্ম ও জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে বেগম খালেদা জিয়ার এসব অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজন।