ছবি: সংগৃহীত
পাকিস্তান আমলে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) যত ক্ষতি হয়নি, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
সোমবার (সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করে।
তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের এত ক্ষতি করেনি, গত ১৭ বছরে ইকোনমির যত ধ্বংস আওয়ামী লীগ করে দিয়ে গেছে, রাজনীতিবিদ হওয়া বন্ধ করে দিয়েছে, পুরো সিস্টেম বন্ধ করে দিয়েছে, সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছে, সেখান থেকে আমাদের স্টার্ট করতে হচ্ছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের জিজ্ঞেস করছি, আজ থেকে তিন বছর আগে একটা স্ট্যাটাস লেখার পর কয়বার ডিলিট করতেন আপনারা? কয়বার চিন্তা করতেন এই ওয়ার্ডটা কি দেবো নাকি দেবো না?
তিনি আরও বলেন, আর আজকে কিন্তু আমরা ওই ইন্টারফেয়ার আপনাদের করি না, আমরা সহযোগিতা চাই, যাতে করে মানুষ অন্যভাবে ডিরেক্টেড না হয়।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এসব ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনভাবে ও খোলামনে সংবাদ পরিবেশন করবেন, তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।
ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং তা সমুন্নত রাখার জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সরকার গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে।
মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক রাজনীতি ডট কমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ এবং সদস্য ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বক্তব্য রাখেন।