ছবি: ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আজ (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হবে। যা চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের সময় বিকেল ৩টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে অন্যান্য সমমান পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি সমমান নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিএফএ (প্রাক) ডিগ্রিধারীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তবে তাঁদের জিপিএ পাঁচের স্কেলে নির্ধারণ করা হবে।
মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।
জিসিই ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে বি গ্রেড এবং তিনটিতে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।
ও লেভেল, এ লেভেল ও ইংরেজি ভার্সনে (জাতীয় শিক্ষাক্রম) উত্তীর্ণ আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে আগ্রহীদের আবেদনের সময় অনলাইনে সংশ্লিষ্ট অপশন পূরণ করতে হবে।