ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
আজ রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
তারেক রহমান লিখেছেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ পরিস্থিতি ঠিক করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অন্তর্বর্তী সরকারের সময় দলটির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে চারজন আওয়ামী লীগ সমর্থক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন এবং অনেকে আহত হন। তবে বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও নিহত হোক, তা চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তার ভাষ্য, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।