ছবি: সংগৃহীত
সরকারের দুর্বলতার সুযোগেই আওয়ামী লীগ দেশে নৃশংসতা চালানোর সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য (এমপি) ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এক মশাল মিছিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এনসিপির সদস্য সচিব বলেন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পলাতক আওয়ামী লীগ দেশে পেট্রোল বোমা নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ ও গুপ্তহত্যার মিশনে নেমেছে। জাতীয় ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিব আল ইসলামকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে। হাসিব আল ইসলামের ওপর হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরও ৪৮ ঘণ্টায় গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছি।
আখতার হোসেন বলেন, সরকারের দুর্বলতা ও বিচার কার্যকর না হওয়ার সুযোগেই আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিষ্পন্ন না হওয়ায় তারা খুন ও মানুষ পোড়াচ্ছে। বিএনপির লোকেরাই টাকা নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে।
এনসিপির এ নেতা বলেন, ভোটের স্বার্থে সরকার আওয়ামী লীগকে কঠোর হস্তে দমন না করে নাশকতার সুযোগ দিচ্ছে। সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসন্ত্রাসের ঘটনায় সেই বাড়িকে ‘পরিত্যক্ত’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসকে দায়মুক্তি দেয়ার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, বাইরে থেকে আগুন দেয়ার স্পষ্ট সিসিটিভি ফুটেজ আছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত আওয়ামী লীগকে কোনোভাবেই দেশে ফিরতে দেয়া হবে না। নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।