ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আভাসে বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই পতন দেখা দিয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ৯১ ডলার ৮৮ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৭ সেন্টে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিনের লেনদেনের একপর্যায়ে উভয় ধরনের তেলের দাম ১ শতাংশ পর্যন্ত কমেছিল। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে যায়। ওই দিন তেলের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।
সোমবার (৯ নভেম্বর) ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতার অনুরোধের পর এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রীও রয়েছেন। হোয়াইট হাউসে আলোচনার সময় তিনি ট্রাম্পকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানান।
তবে সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখলেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে গুরুত্ব দিচ্ছে তেলের বাজার। হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা ঘটলেও তা নতুন করে বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরির পর্যায়ে পৌঁছায়নি।
এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, অক্টোবরে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন বেড়েছে। বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। তবে তেল রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।
গত ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছিল। সেখান থেকে এখন পর্যন্ত দাম প্রায় ২২ শতাংশ কমেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বাড়ার আশঙ্কা কমে আসায় বাজারে এই দরপতন হয়েছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনো রয়ে গেছে।