ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারির কিছুক্ষণ পরই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পরে কর্তৃপক্ষ জানিয়েছে, বিপদের আশঙ্কা কেটে গেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকায় পরপর কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সম্ভাব্য হুমকির বিষয়ে নাগরিকদের সতর্ক করে আগাম সতর্কবার্তা জারি করেছিল।
পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা আর নেই। তবে কী ধরনের হুমকির কারণে সতর্কতা জারি করা হয়েছিল কিংবা বিস্ফোরণের শব্দের উৎস কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এমন সময় এই ঘটনা ঘটল, যখন সৌদি আরব ও ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা ও সংঘাত অব্যাহত রয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অতীতে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।
ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত মধ্যপ্রাচ্যের বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার সঙ্গেও সম্পর্কিত। ফলে রিয়াদে বিস্ফোরণের শব্দ এবং আগাম সতর্কতা জারির ঘটনায় নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সূত্র: ডন নিউজ, রয়টার্স