ছবি: সংগৃহীত
চলমান অস্থিরতার মধ্যেই আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মারিন ল্য পেন এবং তার কট্টর বামপন্থী প্রতিদ্বন্দ্বী জঁ-লুক মেলঁশোঁ ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন। দেশটিতে রাজনৈতিক মেরুকরণ যখন তীব্রতর হচ্ছে, ঠিক তখনই জনমত জরিপের ফলাফল সামনে এল।
চলতি মাসের ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে জরিপ সংস্থা ‘তলুনা হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ’ এর পরিচালিত এক জরিপ অনুযায়ী, বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে প্রথম দফার ভোটে লে পেন ৩৪ শতাংশ থেকে ৩৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে থাকতে পারেন। গত মাসের অনুরূপ একটি জরিপে তার প্রাপ্ত ভোটের হার ৩৫ শতাংশ থেকে ৩৭ শতাংশের মধ্যে ছিল বলে দেখা গিয়েছিল।
চরম বামপন্থী দল ‘ফ্রান্স আনবাউড’-এর প্রার্থী মেলঁশোঁ জরিপ করা পাঁচটি পরিস্থিতির সবকটিতেই দ্বিতীয় দফায় (রান-অফ) পৌঁছাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে তার প্রাপ্ত ভোট হতে পারে ১৮ অথবা ১৯ শতাংশ। দ্বিতীয় দফার ভোটে লে পেন সহজেই মেলঁশোঁকে পরাজিত করতে পারেন বলে মনে করা হচ্ছে।
মাক্রোঁর দ্বিতীয় ও শেষ পাঁচ বছর মেয়াদী শাসনকাল শেষ হওয়ার পথে। তিনি এমন এক রাজনৈতিক পরিস্থিতি রেখে যাচ্ছেন যেখানে রাজনৈতিক কেন্দ্রের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনীতিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। যা কট্টরপন্থী দলগুলোর জন্য সুযোগ তৈরি করে দিয়েছে।
মেলঁশোঁ এর আগে ২০১২, ২০১৭ ও ২০২২ সালে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কখনোই দ্বিতীয় দফায় পৌঁছাতে পারেননি। লে পেনও একই তিনটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় দফায় মাক্রোঁর কাছে পরাজিত হন।
সূত্র: রয়টার্স।