ঢাকা
২২ অক্টোবর ২০২৬
Advertise with us

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   ১৬ বার পঠিত
প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

ছবি: ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামলায় জহির ফকির (৫০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবেও তাঁর নাম আলোচনায় ছিল। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মোহাম্মদ আবদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চরকিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসির দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে জহির ফকিরের পথরোধ করে ১৫ থেকে ২০ জনের একটি দল। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগনে ইসমাইল হোসেন অভিযোগ করেন, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেনের সঙ্গে তার মামার রাজনৈতিক বিরোধ ছিল। এর আগেও মোবারক ও তার লোকজন জহির ফকির এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন ইসমাইল হোসেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব খোরশেদ আলম বলেন, জহির আমাদের দলের একজন ত্যাগী নেতা ছিলেন। তার বাড়ি কালাপাহাড়িয়ায় হলেও তিনি মুন্সিগঞ্জে বসবাস করতেন। হঠাৎ খবর পাই, ১৫ থেকে ২০ জনের একটি দল তাকে হত্যা করেছে। তিনি প্রায়ই আমাকে বলতেন, তাকে মেরে ফেলা হতে পারে। তবে কার সঙ্গে তার বিরোধ ছিল, তা নিশ্চিতভাবে জানি না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, চরকিশোরগঞ্জ এলাকায় জহির ফকিরের একটি ফার্মেসির দোকান রয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

Advertise with us
Advertise with us
Advertise with us