ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২০ জন মাদকসেবী, একজন চুরির মামলার আসামি, দুজন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় এবং তিনজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মাদকসেবী হিসেবে গ্রেফতার ব্যক্তিরা হলেন তমাল সরদার (১৯), মো. সেন্টু (৩৮), মো. নাদিম শেখ (১৯), মো. আলী হোসেন (৪০), মো. আজিজ (২৯), মো. এরশাদ (৪০), মো. এসহাক (৩২), মো. জহির (৩৫), সোহেল মিয়া (২৭), সুকান্ত সরকার (৪০), রবিউল ইসলাম (২৫), মামুন (৪০), মো. নাছির হোসেন (৫০), মো. কাজল মিয়া (২২), সোলায়মান (৪২), মো. রিপন মিয়া (৩৮), মো. শাহিন আলম (২০), নবাব মিয়া (৩০), আরিফুল ইসলাম (২৫) ও মো. জাকির (৪৫)।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গাজী ইরফান (২০) ও মো. জাহাঙ্গীর হোসেনকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। চুরির মামলায় গ্রেফতার হয়েছেন মো. ফরহাদ (১৮)।
অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. ইয়াছিন বেপারী, রিফাত (২৮) ও রাহাতকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় বসবাস করতেন। তাঁদের মধ্যে কয়েকজনের স্থায়ী ঠিকানা দেশের অন্যান্য জেলায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।