ছবি: সংগৃহীত
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে।
শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি পৃথক গ্রেফতারি ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে দায়ের করা ৪৬টি নতুন মামলার বিপরীতে এবং পূর্বের বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্তসহ মোট ১৮৮ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে পরোয়ানাভুক্ত ১১৩ জন, সাজাপ্রাপ্ত আসামি ১৩ জন, তদন্তাধীন মামলায় ৫০ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১২ জন আসামি রয়েছেন। তবে এ সময়ে রেঞ্জে খুন, ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা বা সাইবার সুরক্ষার মতো কোনো গুরুতর অপরাধ সংঘটিত হয়নি। অন্যদিকে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ২টি।
অভিযান পরিচালনাকালে মোট ২৪ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এছাড়া উদ্ধার হওয়া মাদকের তালিকায় রয়েছে ১৩৮৪ পিস ইয়াবা, ১৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০৫ বোতল ইস্কাপ সিরাপ এবং ১০ দশমিক ৫ লিটার চোলাই মদ।
আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের পুলিশি সেবা প্রাপ্তিও অব্যাহত ছিল। তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মোট ৬৫৪ জন এবং চলতি মাসের এ পর্যন্ত সর্বমোট ৮০৫৪ জন ব্যক্তি সরাসরি পুলিশি সেবা গ্রহণ করেছেন। অপতথ্য প্রতিরোধ, সঠিক সংবাদ প্রাপ্তি নিশ্চিতকরণ এবং এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা রক্ষায় তাদের এ ধরনের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে রাজশাহী রেঞ্জ পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।