ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, ভাঙচুর ও দখলের ঘটনায় রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে আওলাদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রফিকুল ইসলাম জিন্নাহ (বৃহিষ্কৃত) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, হামলার নির্দেশদাতাদের মধ্যে প্রায় ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা কেউই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করছেন না, তবে প্রযুক্তির মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। বাকিদের দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য-গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সাজ্জাদসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।