ছবি: ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে।
একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৮, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭৭, মিরপুরে ১৩৫, গুলশানে ৪৩, উত্তরা বিভাগে ৩৩ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৮ জন রয়েছেন। অভিযানকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ২টি ছোরা, ১টি চাকু, ১টি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, ২টি গ্যাস লাইট, ২টি বোতলের মুখ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, ৪ লিটার পেট্রল ও ১৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।