ছবি: সংগৃহীত
শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মিল-কারখানাগুলো দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০টির বেশি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের এসব কথা জানান।
মোহাম্মদ আবুল কালাম বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে আগামীকাল থেকেই উন্নতি দেখতে পাব। মিল-কারখানা ও ফ্যাক্টরিগুলোতে বিদ্যুৎ-গ্যাসের যে চাহিদা রয়েছে, তা আগের মতো সরবরাহ করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই আশ্বাসের ফলে ব্যবসায়ীরা স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডে ফিরতে পারবেন। প্রধানমন্ত্রীর আগের বিভিন্ন প্রতিশ্রুতিরও বাস্তব প্রতিফলন তারা দেখেছেন উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন আবুল কালাম।
বৈঠকে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসসংকটসহ নানা প্রশাসনিক ও বাণিজ্যসংক্রান্ত সমস্যা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পেট্রোবাংলা ও পিডিবির চেয়ারম্যানসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এফবিসিসিআই, আইসিসিবি, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ দেশের শীর্ষ প্রায় ২৪টি খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।