ছবি: প্রতিনিধি
লন্ডন, ১২ জুলাই ২০২৬: পাটলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা (AGM) এবং নতুন কমিটি গঠন অনুষ্ঠান রবিবার লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা এবং দ্বিতীয় পর্বে সম্পন্ন হয় নতুন কমিটি নির্বাচন।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আফু মিয়া। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মুজিবুর রহমান এবং কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন পেশ করেন রফিকুর রহমান রফু। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের গত দুই বছরের কার্যক্রম ও অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সংগঠনের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভা শেষে সভাপতি মোঃ আফু মিয়া বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার ছালেহ আহমদ চৌধুরী আলফু। তাঁকে সহযোগিতা করেন জুবের আহমদ চৌধুরী, শাহ মোঃ আস্সাউর রহমান, রিয়াজ আলম আনসার এবং মোঃ দবির মিয়া।
নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মোঃ আফু মিয়াকে সভাপতি, রফিকুর রহমান রফুকে সাধারণ সম্পাদক এবং শাহ মোঃ সাজিদুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। একই সঙ্গে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভার শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।