ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম সদর উপজেলায় আট কেজি গাঁজাসহ মো. জাহিদ হাসান আঙ্গুর (২৮) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্-নেওয়াজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (১২ জুলাই) রাতে কুড়িগ্রাম সদরের মুক্তারাম এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জাহিদ হাসান আঙ্গুর (২৮) নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাঙ্গালটারী গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে আসামির ব্যবহৃত মোটরসাইকেলটি থামানো হয়। পরে মোটরসাইকেলের হুকে ঝুলানো একটি প্লাস্টিকের বাজার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো দুটি পোটলা থেকে মোট আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় আসামির কাছ থেকে একটি নম্বর প্লেটবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শাহ্-নেওয়াজ বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।