ছবি: সংগৃহীত
চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী দুর্ধর্ষ দস্যু ও একাধিক মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাইশারী এলাকায় বহুল আলোচিত ৬ জন রাবার শ্রমিক অপহরণ সিন্ডিকেটের মূল হোতা, মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫। ১১ জুলাই বিকেলে কক্সবাজার সদর থানাধীন জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
৩ জুলাই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপির ০৩নং ওয়ার্ডের আলীক্ষ্যংস্থ বড়ইঝিরি নামক স্থানের একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা ৬ জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরবর্তীতে অপহৃতদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। উক্ত ঘটনায় বান্দরবান নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত অপহরণ মামলা রুজু হয়। ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলে র্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ সিন্ডিকেটের মূল হোতা ও পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ৭ নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের পুত্র। গ্রেফতারের সময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।